রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
নিজের তিন মাসের বেতন গরিব মৎস্যজীবীদের দেওয়ার ঘোষণা এমপি জয়নুল আবেদীনের
হোম » বরিশাল » নিজের তিন মাসের বেতন গরিব মৎস্যজীবীদের দেওয়ার ঘোষণা এমপি জয়নুল আবেদীনের
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
গরিব মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সহায়তায় নিজের তিন মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। শুধু এবারই নয়, ভবিষ্যতেও প্রতি তিন মাস পরপর নিজের বেতনের অর্থ এলাকার অসহায় মৎস্যজীবীদের মধ্যে বিতরণের ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জয়নুল আবেদীন বলেন, দেশের মৎস্যজীবীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের জন্য মাছ উৎপাদন ও আহরণ করেন। তাঁদের অক্লান্ত পরিশ্রমের কারণেই দেশের মানুষের খাদ্যতালিকায় মাছ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ‘মাছে-ভাতে বাঙালি’ পরিচয়ের সঙ্গে বরিশালবাসীর মাছের প্রতি ভালোবাসা আরও বেশি।
তিনি বলেন, ‘আপনাদের জন্য আমার যা যা করার দরকার, সে বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করব।’
নিজের বেতন অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে সংসদ সদস্য বলেন, ‘আমার বিগত তিন মাসের পুরো বেতনের টাকা গরিব মৎস্যজীবী ও মৎস্যচাষীদের জন্য অনুদান হিসেবে দিতে চাই। আগামীতে প্রতি তিন মাস পরপর একইভাবে আমার বেতনের টাকা নিজে ভোগ না করে এলাকার গরিব মৎস্যজীবীদের মধ্যে বিলিয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘আমার তিন মাসের বেতনের টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে পাঠিয়ে দেব। তাঁরা যাচাই-বাছাই করে প্রকৃত গরিব মৎস্যচাষী ও মৎস্যজীবীদের মধ্যে এই সহায়তা পৌঁছে দেবেন। আপনারা হয়তো ১৫ দিনের মধ্যে পাবেন, তবে আমি এক সপ্তাহের মধ্যেই টাকা পাঠিয়ে দেব।’
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় মীরগঞ্জ-মুলাদী আড়িয়াল খাঁ নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য জয়নুল আবেদীন। তিনি বলেন, সেতু নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে মাটি পরীক্ষা ও নকশা প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রমও অচিরেই সম্পন্ন করা হবে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৯ ● ২১ বার পঠিত
