বুধবার ● ১২ আগস্ট ২০২৬
তালতলীতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
হোম » বরগুনা » তালতলীতে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শামীম গুলুমতাজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ওই গৃহবধূ ছয় মাসের অন্তঃসত্ত্বা।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন।
গ্রেপ্তার শামীম উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার সোনালী গুলুমতাজের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও শামীম একই এলাকায় বসবাস করেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। এ সুযোগে শামীম বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ রাতে শামীম ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আরও একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শামীমকে বিয়ের জন্য চাপ দেন। তবে শামীম বিয়েতে রাজি না হওয়ায় পরে থানায় মামলা করেন তিনি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে শামীম গুলুমতাজকে গ্রেপ্তার করে বুধবার (১২ আগস্ট) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৫:০০ ● ১১ বার পঠিত
