বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

কুয়াকাটায় জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সচেতনতামূলক কর্মশালা

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সচেতনতামূলক কর্মশালা
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


কুয়াকাটায় জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সচেতনতামূলক কর্মশালাসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পর্যটন নগরী কুয়াকাটায় জালনোটের প্রচলন রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাস হলরুমে বাংলাদেশ ব্যাংক, বরিশালের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় কুয়াকাটা, আলীপুর ও মহিপুর এলাকার ১৪টি তফসিলি ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। অগ্রণী ব্যাংক পিএলসি, পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. এমদাদুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার দত্ত। কর্মশালা সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, কুয়াকাটা শাখার ব্যবস্থাপক একেএম মোর্শেদ।

 

কর্মশালায় জালনোট শনাক্তের উপায়, আসল ও নকল নোটের পার্থক্য এবং আসল নোট চেনার সহজ পদ্ধতি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন অগ্রণী ব্যাংক কুয়াকাটা শাখার ব্যবস্থাপক মো. সোহেল রানা।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. এমদাদুল হক বলেন, জাল টাকা প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। মানুষের সচেতনতাই পারে জালনোটের বিস্তার রোধ করতে।

 

তিনি স্থানীয় তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, কুয়াকাটায় কিছু ব্যাংকের বিরুদ্ধে ছেঁড়া-ফাটা নোট গ্রহণে অনীহার অভিযোগ পাওয়া গেছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

কর্মশালায় অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ ১৪টি তফসিলি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩৩ ● ১৫ বার পঠিত