বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
নেছারাবাদে কমিউনিটি পুলিশিং সমাবেশ, অপরাধ দমনে জনসম্পৃক্ততার আহ্বান
হোম » বরিশাল » নেছারাবাদে কমিউনিটি পুলিশিং সমাবেশ, অপরাধ দমনে জনসম্পৃক্ততার আহ্বান![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও ট্রাফিক সচেতনতা বিষয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নেছারাবাদ থানা সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণয় রায়। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. মুকিম হোসেন, বিএনপি নেতা মো. আমির হোসেন, স্বরূপকাঠী পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আনিসুর রহমান বাদল, ৩ নম্বর স্বরূপকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোহেল তালুকদার, স্বরূপকাঠী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ, নারী নেত্রী নিলুফা ইয়াসমিন ও সুলতানা রাজিয়াসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি প্রণয় রায় বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। পুলিশ জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে কাজ করতে চায়। তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতার বিকল্প নেই। পুলিশের কোনো সদস্য অন্যায় করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগের কঠোর তদন্ত ও বিচার হয়। একই সঙ্গে মাদক, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নাগরিক অংশ নেন।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ১৬:০০:০৬ ● ২৪ বার পঠিত
