বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
মেসির জন্য হলিউডে আলাদা নিয়ম, গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা
হোম » বিনোদন » মেসির জন্য হলিউডে আলাদা নিয়ম, গোপন তথ্য ফাঁস করলেন অভিনেতা
সাগরকন্যা বিনোদন ডেস্ক
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জন্য শুধু মাঠেই নয়, হলিউডের শুটিং সেটেও থাকে বিশেষ ব্যবস্থা। নির্ধারিত সময়ের এক মিনিটও বেশি অপেক্ষা করেন না তিনি। সময় শেষ হলেই কাজ অসম্পূর্ণ থাকলেও সেট ছেড়ে চলে যান। বিদায়ের আগে উচ্চারণ করেন একটি শব্দ ‘ভামোস’।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় স্পোর্টস টক শো ‘দ্য ড্যান প্যাট্রিক শো’তে এ তথ্য জানান হলিউড অভিনেতা উইল ফেরেল। তিনি বলেন, আলুচিপস ব্র্যান্ড লেস এর একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনের শুটিংয়ে মেসির সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা স্টিভ ক্যারেল। পরে সেই অভিজ্ঞতা তাকে শুনিয়েছিলেন ক্যারেল।
ফেরেলের ভাষ্য অনুযায়ী, মেসি পুরো শুটিংয়ের জন্য সময় দেন মাত্র ৩০ মিনিট। এই সময়ের মধ্যেই তার সব দৃশ্য ধারণ শেষ করতে হয়। নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত একটি শটের জন্যও তিনি অপেক্ষা করেন না।
এ কারণে পরিচালক, ক্যামেরা টিম ও পুরো প্রযোজনা ইউনিটকে আগে থেকেই সব প্রস্তুতি সম্পন্ন রাখতে হয়। মেসি সেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ক্যামেরা চালু করে শুটিং শুরু করা হয়, কারণ দ্বিতীয়বার দৃশ্য ধারণের সুযোগ প্রায় থাকে না।
বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করেন উইল ফেরেল। তিনি বলেন, সবাইকে দ্রুত কাজ শেষ করতে হয়, না হলে মেসি উঠে দাঁড়িয়ে শুধু বলবেন, ‘ভামোস’, তারপরই সেট ছেড়ে চলে যাবেন।
বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি বাণিজ্যিক অঙ্গনেও মেসির জনপ্রিয়তা তুঙ্গে। বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ড তাকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণে আগ্রহী। তবে তার কঠোর সময়সূচির সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করতে হয় সংশ্লিষ্টদের।
এদিকে, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও আলোচনা চলছে। ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস এক সাক্ষাৎকারে বলেন, তার ধারণা জাতীয় দলের হয়ে মেসি হয়তো নিজের শেষ ম্যাচটি ইতোমধ্যেই খেলে ফেলেছেন। যদিও তিনি আশা প্রকাশ করেন, আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলবেন মেসি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মেসি নিজেই।
বাংলাদেশ সময়: ৮:৪৯:৩০ ● ২২ বার পঠিত
