বুধবার ● ২৯ জুলাই ২০২৬

লিটন ইস্যুতে শোকজ, বিসিবির মেডিকেল বিভাগে বড় পরিবর্তনের ইঙ্গিত

হোম » খেলা » লিটন ইস্যুতে শোকজ, বিসিবির মেডিকেল বিভাগে বড় পরিবর্তনের ইঙ্গিত
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


লিটন ইস্যুতে শোকজ, বিসিবির মেডিকেল বিভাগে বড় পরিবর্তনের ইঙ্গিতসাগরকন্যা স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার লিটন কুমার দাসের ইনজুরি ব্যবস্থাপনা নিয়ে সিলেক্টর ও মেডিকেল বিভাগকে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে মেডিকেল বিভাগে বড় ধরনের পরিবর্তন এবং হাসপাতাল পরিবর্তনের বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

 

বুধবার (২৯ জুলাই) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, লিটন দাসের ইনজুরি নিয়ে নির্বাচক এবং মেডিকেল ডিপার্টমেন্টকে শোকজ করা হয়েছে। লিটন কেন জিম্বাবুয়ে গেল যদি সে ফিট না থাকে, সেই জবাবদিহিতা চাওয়া হয়েছে।

 

তিনি বলেন, কেউ যদি কাজ ঠিকমতো না করে, তাকে জবাবদিহি করতে হবে। অতীতে সিলেক্টর বা ফিজিওদের শোকজ করার সংস্কৃতি ছিল না, কিন্তু এখন সেটি হচ্ছে। মেডিকেল বিভাগকে আরও কার্যকর হতে হবে। আমরা রিহ্যাব ম্যানেজার হিসেবে মারিও ভিলাভারায়ানকে আবার ফিরিয়ে আনছি।

 

বিসিবি সভাপতি জানান, শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়, পুরো মেডিকেল ব্যবস্থাপনাই নতুন করে মূল্যায়ন করা হচ্ছে।

 

তিনি বলেন, এমআরআই রিপোর্টিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করে। রিপোর্টিংয়ে ভুল হলে ফিজিওরও করার কিছু থাকে না। তাই হাসপাতাল পরিবর্তন বা বিকল্প কিছু প্রতিষ্ঠান রাখার বিষয়টি বিবেচনায় রয়েছে। মেডিকেল বিভাগের চেয়ারম্যানকে সম্ভাব্য হাসপাতালের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৩০ ● ২১ বার পঠিত