বুধবার ● ২৯ জুলাই ২০২৬

আমতলীতে পায়রা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হোম » বরগুনা » আমতলীতে পায়রা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলী উপজেলার পায়রা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় পায়রা নদীর তীরে পচা গন্ধ পান তারা। পরে নদীর পাড়ে একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় বস্তা ফেটে মরদেহের একটি হাত বাইরে বের হয়ে ছিল। পচন ধরায় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৭টার দিকে ট্রলারে করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বস্তা খুলে পুলিশ পচা ও দুর্গন্ধযুক্ত মরদেহ দেখতে পায়।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে পায়রা নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

 

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০:৩১:০৯ ● ৪ বার পঠিত