বুধবার ● ২৯ জুলাই ২০২৬
পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু
হোম » সর্বশেষ » পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে এ কর্মসূচি কার্যকর হয়েছে। এতে জরুরি রোগী, প্রসূতি, দুর্ঘটনায় আহত ব্যক্তি ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে পরিবহনে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
সমিতির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুব্যবস্থা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোল মওকুফ, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ পরিবহনকারী অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত সুবিধার আওতায় আনা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
বরগুনা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাবেক সভাপতি মো. লিটন মিয়া সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, দেশের অন্যান্য জেলার মতো বরগুনার ছয় উপজেলাতেও ধর্মঘটের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ও সংশ্লিষ্ট সমিতির মধ্যে দ্রুত সমঝোতা হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তালতলী উপজেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কবির মৃধা বলেন, তালতলী থেকে প্রতিদিন গুরুতর অসুস্থ রোগী, দুর্ঘটনায় আহত ব্যক্তি ও প্রসূতিদের বরগুনা, আমতলী, পটুয়াখালী ও বরিশালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। ধর্মঘট দীর্ঘায়িত হলে এসব রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।
অ্যাম্বুলেন্স মালিকদের দাবি, ধর্মঘট শুরুর আগে সরকারের পক্ষ থেকে দাবি পূরণে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন। তবে রোগীদের দুর্ভোগ এড়াতে দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশ সময়: ১০:৫৫:২৫ ● ১৮ বার পঠিত
