মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
হোম » খুলনা » মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই হাজার মিটার অবৈধ জাল ধ্বংস
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী এলাকায় মধুমতি নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞা অমান্য করায় দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে ৪০টি চায়না জাল ও চারটি বেহুন্দি জালসহ প্রায় দুই হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়সহ প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধুমতি নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৮ ● ২৪ বার পঠিত
