মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
যশোর-৪ আসনের এমপির বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ
হোম » খুলনা » যশোর-৪ আসনের এমপির বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, যশোর
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এমপির মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশুদের মারধর ও অভিভাবকের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এ সময় অনেকে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপে জানালার কাচ ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সোমবার এমপির বাড়ির বিপরীত পাশে অবস্থিত আল মাদ্রাসাতুল শারইয়্যাহর কয়েকজন শিশুকে মারধর করেন মেহেজাবিন জান্নাত অনন্যা। মঙ্গলবার সকালে তিনি আবার শিশু ও অভিভাবকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে এক অভিভাবককে তালা দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমপির বাড়ি ঘেরাও করেন। তাদের দাবি, এমপি গোলাম রসুল ও তার মেয়েকে গ্রেফতার করতে হবে।
তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে এমপি পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
বাংলাদেশ সময়: ১৬:৪৯:০২ ● ২৪ বার পঠিত
