মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
করমজলে ৯ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, বনের গহীনে অবমুক্ত
হোম » খুলনা » করমজলে ৯ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, বনের গহীনে অবমুক্ত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকা থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা (রাজগোখরা) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে সাপটি উদ্ধার করে নিরাপদ দূরত্বে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়। এ ঘটনায় কোনো পর্যটক বা অন্য কেউ আহত হননি।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফজরের নামাজ শেষে করমজল জামে মসজিদ থেকে নিজ কক্ষে ফেরার পথে হরিণের খাঁচার পাশের সড়কে তিনি ও মসজিদের ইমাম সাপটি দেখতে পান। পরে সতর্কতার সঙ্গে সেটিকে রাস্তা থেকে সরিয়ে বনের ভেতরে ছেড়ে দেওয়া হয়।
বন বিভাগ জানায়, কিং কোবরা পৃথিবীর অন্যতম দীর্ঘ ও অত্যন্ত বিষধর সাপ। এটি মূলত অন্যান্য প্রজাতির সাপ খেয়ে বেঁচে থাকে। পৃথিবীর একমাত্র সাপ হিসেবে কিং কোবরা নিজেই বাসা তৈরি করে ডিম পাড়ে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সুন্দরবনের করমজল এলাকায় সাধারণত ৯ ফুট পর্যন্ত পুরুষ এবং ১৩ ফুট পর্যন্ত স্ত্রী কিং কোবরা দেখা যায়। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল এবং সুন্দরবনের করমজল এলাকায় এ প্রজাতির সাপের উপস্থিতি তুলনামূলক বেশি।
বন বিভাগের কর্মকর্তারা জানান, কিং কোবরা অত্যন্ত বিষধর হওয়ায় সুন্দরবনে চলাচলকারী পর্যটক ও বনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো অবস্থাতেই এ ধরনের সাপ দেখলে ধরার বা উত্ত্যক্ত করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগের সদস্যদের জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৪ ● ২০ বার পঠিত
