সোমবার ● ২৭ জুলাই ২০২৬

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হোম » খুলনা » মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সোমবার ● ২৭ জুলাই ২০২৬


মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

 

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে ২৬ জুলাই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে চিকিৎসাসেবার সামগ্রিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপনের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

এদিকে, এর আগে রবিবার রাতে ডা. কামাল হোসেন মুফতির ব্যক্তিগত ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, বাগেরহাটের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪১:০৪ ● ২০ বার পঠিত