সোমবার ● ২৭ জুলাই ২০২৬
নলছিটিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে অ্যাম্বুলেন্স
হোম » ঝালকাঠী » নলছিটিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে অ্যাম্বুলেন্স![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে একটি অ্যাম্বুলেন্স। এতে রোগী ফজলুল হকের একটি পা ভেঙে গেছে। সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ঝালকাঠি সদর থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি বেসরকারি অ্যাম্বুলেন্স। রায়াপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাঁর স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।
রোগীর ভাতিজা মতিন রহমান বলেন, তাঁর চাচা ফজলুল হক নিয়মিত চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবারও তিনি ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে। তাঁকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আহত ফজলুল হক ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকার বাসিন্দা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮:১২:১৬ ● ১১ বার পঠিত
