সোমবার ● ২৭ জুলাই ২০২৬
শাপলা তুলতে গিয়ে নেছারাবাদে কলেজছাত্রের মৃত্যু
হোম » পিরোজপুর » শাপলা তুলতে গিয়ে নেছারাবাদে কলেজছাত্রের মৃত্যু![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা লাল শাপলার বিলে ভ্রমণে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৫ নম্বর জলাবাড়ী ইউনিয়নের মাদ্রা-ঝালকাঠি গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে নেছারাবাদ থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল ট্রলারে করে সাতলা লাল শাপলার বিল ভ্রমণে যায়। পরে তারা উজিরপুর উপজেলার জনতার বাজার এলাকার পটিবাড়ি ঘাটে নেমে কয়েকটি নৌকায় করে শাপলার বিলে ঘুরতে শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি নৌকায় পাঁচ থেকে ছয়জন যাত্রী থাকার কথা থাকলেও কয়েকটি নৌকায় ১২ থেকে ১৩ জন করে যাত্রী ওঠেন। একপর্যায়ে নৌকার এক প্রান্ত থেকে বিলের পানিতে ফুটে থাকা লাল শাপলা তুলতে নামেন রাকিবুল। এরপর দীর্ঘ সময়েও তিনি পানির ওপরে না উঠলে সঙ্গে থাকা বন্ধুরা পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন।
পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর রাকিবুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়। পারিবারিক সিদ্ধান্তে সোমবার বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
জলাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। রাকিবুল খুবই ভদ্র ও মেধাবী একজন ছাত্র ছিল। সকালে তারা সাতলা শাপলার বিলে ঘুরতে গিয়েছিল। পরে ফোনে তার মৃত্যুর খবর জানতে পারি।
নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম বলেন, রাকিব একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
রাকিবুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৭:১১:১০ ● ৫৩ বার পঠিত
