রবিবার ● ২৬ জুলাই ২০২৬
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
হোম » আবহাওয়া » উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
![]()
সাগরকন্যা প্রতিবেদক
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
রবিবার (২৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
প্রথম দিকে দেশের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকলেও ২৮ ও ২৯ জুলাই নাগাদ দেশের আট বিভাগের অধিকাংশ এলাকা বৃষ্টির আওতায় আসতে পারে। এ সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। বিশেষ করে ২৭ থেকে ২৯ জুলাই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
বাংলাদেশ সময়: ১২:৫১:২৬ ● ১৮ বার পঠিত
