রবিবার ● ২৬ জুলাই ২০২৬
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলও কমল
হোম » জাতীয় » ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলও কমল
![]()
সাগরকন্যা ডেস্ক
ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশে জনবল ও যানবাহন সংকট বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহন সংকট বিবেচনায় মন্ত্রিসভার ১৮ সদস্যের জন্য দেওয়া পুলিশের বিশেষ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের প্রটোকল কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
সরকারি ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পুলিশের মুভমেন্ট এসকর্ট সুবিধা পাচ্ছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছে বলে জানা গেছে।
মন্ত্রিসভার এক সদস্য গত শনিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশের যানবাহন সংকট রয়েছে। এছাড়া বেশ কয়েকজন মন্ত্রী নিজেরাই তাদের এসকর্ট প্রত্যাহারের জন্য সরকারকে অনুরোধ করেছিলেন।’
মন্ত্রিসভার এক উচ্চপর্যায়ের সূত্র জানায়, কয়েকজন মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের প্রটোকল কমিয়েছেন। তার চলাচলের সময় এসকর্ট হিসেবে থাকা চারটি গাড়ির পরিবর্তে এখন দুটি গাড়ি ব্যবহার করা হচ্ছে।
সূত্রটি আরও জানায়, যেসব মন্ত্রীর জন্য এসকর্ট সুবিধা প্রয়োজন নেই বলে প্রধানমন্ত্রী মনে করেছেন, তাদের এসকর্ট প্রত্যাহারের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নির্দেশ দেন। পরে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপিকে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেন।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এখন থেকে যাদের প্রয়োজন, তাদেরই চলাচলের সময় এসকর্ট দেওয়া হবে।’
বর্তমানে পুলিশের মুভমেন্ট এসকর্ট সুবিধা পাচ্ছেন জাতীয় সংসদের পদাধিকারী স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, বিরোধীদলীয় উপনেতা, চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপ। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এ সুবিধা পাচ্ছেন।
ডিএমপি সূত্র জানায়, এসকর্ট প্রত্যাহারের সিদ্ধান্তটি শুধু ঢাকার ভেতরে চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য। সরকারি সফরে ঢাকার বাইরে গেলে মন্ত্রীরা আগের মতোই গানম্যান, হাউস গার্ড ও পুলিশের বিশেষ নিরাপত্তাসুবিধা পাবেন।
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ১৮ জন মন্ত্রী ঢাকায় পুলিশের মুভমেন্ট এসকর্ট সুবিধা পাচ্ছিলেন। সাধারণত একজন মন্ত্রীর মুভমেন্ট এসকর্টে একজন উপপরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল ও পুলিশের একটি পিকআপ ভ্যান থাকে। তাদের বেতন, ভাতা ও জ্বালানি খরচ সরকার বহন করে।
যেসব ১৮ মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন- ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
পুলিশ সূত্র জানায়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ ভিআইপিদের ব্যক্তিগত নিরাপত্তা ও চলাচলের জন্য ঢাকায় পুলিশের ১ হাজার ৬৯১ সদস্য মোতায়েন রয়েছেন।
বর্তমান প্রটোকল অনুযায়ী, একজন ভিআইপির বাসভবনে শিফট অনুযায়ী চারজন পুলিশ সদস্য পাহারায় থাকেন, একজন তার কার্যালয়ে দায়িত্ব পালন করেন এবং পাঁচজন তার গাড়িবহরের সঙ্গে থাকেন। এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) একজন গানম্যান দিয়ে থাকে।
ভিআইপি তালিকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান রয়েছেন। সরকারি গেজেটের মাধ্যমে অন্যান্য ব্যক্তিকেও ভিআইপি মর্যাদা দেওয়া হতে পারে।
বাংলাদেশ সময়: ১২:৪৪:৪৯ ● ২৫ বার পঠিত
