সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নাহিদ খলিফা নামের এক মাদককারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠির সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. মতিউর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি নাহিদ খলিফা পলাতক ছিলেন। তবে মামলার সাক্ষ্যগ্রহণ পর্যন্ত তিনি জামিনে ছিলেন।
রায়ে নাহিদ খলিফাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনের ৩৩(ক) ধারায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, নাহিদ খলিফা ঝালকাঠি শহরের তরকারি পট্টি এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের প্রবেশপথ পেট্রোল পাম্প মোড় এলাকায় সুমাইয়া ফার্নিচারের দোকানের সামনে মাদকসহ তার অবস্থানের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। এ সময় তাকে আটক করে তল্লাশি চালিয়ে ১৪ প্যাকেট ফ্যানারেক্স ইনজেকশন, পাঁচ প্যাকেট বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন এবং ১০ প্যাকেট ইজিয়াম ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তদন্ত শেষে সাতজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে একই বছরের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার শেষে আদালত এ রায় দেন।
এসই/এমআর