
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিধবা নারীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কালাম মাঝির বিরুদ্ধে। হামলায় ওই নারীর বাম হাত ও বুকের একটি হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে তার পরিবার। আহত অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ঘটেছে। অভিযুক্ত কালাম মাঝি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগমের ছেলে আল আমিন বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ কালাম মাঝিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে রহিমা বেগম সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে বসবাস করে আসছেন। অভিযোগ, ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে কালাম মাঝি তাদের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বুধবার সকালে বিক্রির জন্য নারিকেল পাড়তে গেলে কালাম মাঝি তার ছেলে জাকির, জিহাদসহ কয়েকজনকে নিয়ে রহিমা বেগমের ওপর হামলা চালান। এ সময় তাকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন রহিমা বেগমের ছেলে আল আমিন বলেন, আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি দখলের জন্য কালাম মাঝি দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করে আসছেন। বুধবার আমার মাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, রহিমা বেগমকে মারধরের ঘটনা সত্য।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কালাম মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।