দশমিনায় মিললো হাল্যান্ডের মতো হাঁটার কিশোরী, ভাইরাল তাহিরা

হোম » পটুয়াখালী » দশমিনায় মিললো হাল্যান্ডের মতো হাঁটার কিশোরী, ভাইরাল তাহিরা
রবিবার ● ১৯ জুলাই ২০২৬


দশমিনায় মিললো হাল্যান্ডের মতো হাঁটার কিশোরী, ভাইরাল তাহিরা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

নরওয়ের ফুটবল তারকা আর্লিং হাল্যান্ডের মতো চলাফেরার মিল থাকায় রাতারাতি আলোচনায় এসেছে পটুয়াখালীর দশমিনা উপজেলার কিশোরী জান্নাতুল তাহিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে হাল্যান্ডের হাঁটার ভঙ্গি অনুকরণ করে তৈরি করা ভিডিও ভাইরাল হওয়ার পর এখন তিনি পরিচিত মুখ।

জান্নাতুল তাহিরা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মো. রেজাউল করিম মৃধার মেয়ে এবং বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

তাহিরা জানান, শুরুতে তিনি নিজেও বুঝতে পারেননি যে তার হাঁটার ভঙ্গির সঙ্গে হাল্যান্ডের এতটা মিল রয়েছে। প্রথম বিষয়টি লক্ষ্য করেন তার এক চাচাতো ভাই। পরে হাল্যান্ডের মতো চলাফেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, হাল্যান্ডের মতো আমার চলাফেরার মিল আছে-বিষয়টি প্রথম আমার চাচাতো ভাই লক্ষ্য করে। পরে অনেকেই ভিডিও তৈরি করতে উৎসাহ দেন। এখন বিষয়টি আমি উপভোগ করছি।

এরপর থেকে আর্লিং হাল্যান্ডের অভিব্যক্তি, ভঙ্গি ও চলাফেরা অনুকরণ করে নিয়মিত ভিডিও প্রকাশ করছেন তাহিরা। অল্প সময়ের মধ্যেই এসব ভিডিওতে ব্যাপক সাড়া পড়ে।

ভাইরাল হওয়ার আগে ফুটবলের প্রতি তেমন আগ্রহ ছিল না জানিয়ে তাহিরা বলেন, হাল্যান্ডের সঙ্গে চলাফেরার মিলের কারণে এভাবে পরিচিত হয়ে যাব, তা কখনো ভাবিনি। এখন নিয়মিত নরওয়ের দলের ম্যাচ দেখি। সুযোগ পেলে হাল্যান্ডের সঙ্গে দেখা করে একটি স্মরণীয় ছবি তুলতে চাই।

স্থানীয়রা জানান, তাহিরাকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ আসছেন। তারা বলছেন, এমন প্রতিভা ধরে রাখতে প্রয়োজন পরিবারের পাশাপাশি সবার সহযোগিতা।

তাহিরার বাবা মো. রেজাউল করিম মৃধা বলেন, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন বড় হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।

বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান ঝন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাহিরাকে আর্লিং হাল্যান্ডের মতোই চলাফেরা করতে দেখা যাচ্ছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ৯:৩৬:৪১ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ