কুতুবদিয়ায় ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

হোম » চট্টগ্রাম » কুতুবদিয়ায় ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১
সোমবার ● ১৩ জুলাই ২০২৬


কুতুবদিয়ায় ট্রলারডুবি: চার জেলের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ একজন

 

সাগরকন্যা প্রতিবেদক, কক্সবাজার

 

কক্সবাজারের কুতুবদিয়ার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকায় ভেসে আসা মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও একজন জেলে নিখোঁজ রয়েছেন।

 

নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)। এখনও নিখোঁজ রয়েছেন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১)।

 

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে যায়। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়ার অদূরের গভীর সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় সাত জেলে সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় তীরে ফিরতে সক্ষম হলেও পাঁচজন নিখোঁজ হন।

 

তিনি আরও জানান, নিখোঁজ জেলেদের খুঁজতে স্থানীয় জেলেরা দিনভর তল্লাশি চালান। পরে সন্ধ্যা ৭টার দিকে চারজনের মরদেহ অমজাখালী ঘাট এলাকায় ভেসে এলে সেগুলো উদ্ধার করা হয়। বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থানও শনাক্ত করা হয়েছে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

 

স্থানীয় মৎস্যজীবী নোমান উদ্দিন বলেন, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয় জেলেরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

 

পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হওয়ার পর ট্রলারের মালিকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এখনও নিখোঁজ জেলেকে উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২১:১২ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ