
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে জোরপূর্বক বসতভিটার জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজীরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজার এলাকার বাসিন্দা শাহানাজ বেগম।
লিখিত বক্তব্যে শাহানাজ বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে ও আট বছর বয়সী এক ছেলেকে নিয়ে দোকান ভাড়ার আয়ে তার সংসার চলে। তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে প্রতিবেশী দেলোয়ার হোসেন মঞ্জু তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, তার শ্বশুর মোহাম্মদ গোলাম মোস্তফা ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর সাব-কবলা দলিলের মাধ্যমে আবুল বাশার ইমরানের কাছে ৪০ শতাংশ জমি বিক্রি করেন। দলিল অনুযায়ী নির্ধারিত সীমানার জমি ক্রেতা দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। পরে আবুল বাশার ইমরানের কাছ থেকে দেলোয়ার হোসেন মঞ্জু ৬ শতাংশ জমি ক্রয় করেন। তবে নিজ ক্রয়কৃত অংশে না গিয়ে তাদের ভোগদখলীয় বসতভিটার মূল্যবান জমি দখলের চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
শাহানাজ বেগমের অভিযোগ, জমি দখলে ব্যর্থ হয়ে দেলোয়ার হোসেন মঞ্জু স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ও তার সন্তানদের বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দেন। এছাড়া রাতের অন্ধকারে তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, ময়লা অপসারণের পাইপলাইন কেটে দেওয়া এবং এলাকা ছেড়ে যেতে চাপ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত এবং আইনি সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে দেলোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাই এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।