শনিবার ● ১১ জুলাই ২০২৬

গাছকে ভালো রাখলে মানুষও ভালো থাকবে: বাগেরহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

হোম » খুলনা » গাছকে ভালো রাখলে মানুষও ভালো থাকবে: বাগেরহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম
শনিবার ● ১১ জুলাই ২০২৬


গাছকে ভালো রাখলে মানুষও ভালো থাকবে: বাগেরহাটে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষের জীবন ও গাছের সম্পর্ক অবিচ্ছেদ্য। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগানো নয়, এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

শনিবার (১১ জুলাই) সকালে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং জেলা পরিষদ ভবনের পাশে একটি ওষুধি ও একটি ফলদ গাছের চারা রোপণ করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি, আর গাছ ঠিক তার বিপরীত কাজটি করে। আমাদের জীবনের সঙ্গে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি গাছকে ভালো রাখতে পারি, তাহলে আমরাও ভালো থাকতে পারব।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপণ করেছিলেন। বর্তমানে সেই গাছগুলো তীব্র গরমের মধ্যেও হাজিদের ছায়া ও স্বস্তি দিচ্ছে। নিমগাছের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, প্রচলিত একটি কথা রয়েছে-যার বাড়িতে নিমগাছ থাকে, তার বাড়িতে চিকিৎসকের প্রয়োজন কম হয়।

গাছ সংরক্ষণে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়। রক্ষণাবেক্ষণের অভাবে কোনো প্রতিষ্ঠানের গাছ মারা গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে ১৯টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার পর্দা নামবে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪২:১৩ ● ১৪ বার পঠিত