
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
টানা ভারী বর্ষণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দর এলাকার বিভিন্ন শেড ও গুদামে হাঁটুপানি জমে থাকায় কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থা ও সরু ড্রেনের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, একটানা বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন ইয়ার্ড, শেড ও গুদামে পানি জমে গেছে। বিশেষ করে বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে রাখা বিভিন্ন ধরনের আমদানিকৃত পণ্য পানিতে তলিয়ে রয়েছে। এতে আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
ব্যবসায়ীরা জানান, বন্দরে আধুনিক অবকাঠামো নির্মাণ করা হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। ফলে প্রায়ই আমদানিকৃত পণ্য ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের ক্ষতির জন্য তারা কোনো ক্ষতিপূরণ বা ডেমারেজ সুবিধাও পান না।
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ও আরমান হোসেন বলেন, বৃষ্টির পানিতে পণ্য নষ্ট হলেও বীমা বা ডেমারেজ সুবিধা না পাওয়ায় পুরো ক্ষতির বোঝা ব্যবসায়ীদেরই বহন করতে হয়।
জলাবদ্ধতার খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ এবং আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত শেড ও গুদাম পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা দ্রুত ক্ষতিপূরণ এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজী রতন বলেন, ‘অবিরাম বৃষ্টির কারণে কয়েকটি শেডে পানি ঢুকে কিছু পণ্য ভিজে গেছে। পাওয়ার পাম্প দিয়ে পানি অপসারণের কাজ চলছে। তবে টানা বৃষ্টির কারণে পানি নামাতে কিছুটা সমস্যা হচ্ছে। বৃষ্টি থামলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্যও কাজ করা হচ্ছে।’