চারদিনেও সন্ধান মেলেনি তালতলীর দুই জেলের, উদ্ধার অভিযান অব্যাহত

হোম » বরগুনা » চারদিনেও সন্ধান মেলেনি তালতলীর দুই জেলের, উদ্ধার অভিযান অব্যাহত
শুক্রবার ● ১০ জুলাই ২০২৬


চারদিনেও সন্ধান মেলেনি তালতলীর দুই জেলের, উদ্ধার অভিযান অব্যাহত

 

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের চারদিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের তপন জোমাদ্দার ও ফুল মিয়ার দুটি মাছ ধরার ট্রলার ১৮ জন জেলেকে নিয়ে সাগরে ইলিশ শিকারে যায়। বিকেলে উত্তাল সাগরে ট্রলার দুটি ডুবে যায়।

পরদিন বুধবার সকালে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসে। এসময় কালাম পাইকার ও শহীদুল খান নামে দুই জেলে নিখোঁজ থাকেন।

নিন্দ্রা-সাকিনা কোস্ট গার্ড কন্টিনজেন্টের কমান্ডার আশরাফুল আলম জানান, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে গত চারদিন ধরে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। সম্ভাব্য সব এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:০২:৪৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ