বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
কলাপাড়ায় জমি বিরোধে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জমি বিরোধে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোহন তালুকদার (৪০) নামে এক জেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোহন তালুকদারকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহন তালুকদার বৃহস্পতিবার অভিযোগে জানান, প্রায় দুই বছর আগে লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিক চুক্তির মাধ্যমে প্রায় ৯০ শতাংশ জমি দুই লাখ টাকায় কেনার কথা হয়। এ সময় তিনি বায়না হিসেবে এক লাখ ২০ হাজার টাকা দেন। পরে তিনি জানতে পারেন, জমিটি সরকারি খাসজমি। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং আদালতে মামলাও হয়। মামলায় জমিটি খাসজমি হিসেবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।
মোহনের ভাষ্য, এরপর থেকে মিজানুর তালুকদার তাকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছেন। বুধবার রাতে খালে জাল ফেলে বাড়ি ফেরার পথে বাড়ির প্রবেশমুখে পৌঁছালে মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুব্বর ও মিজানুর হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
মোহনের ছোট ভাই সুজন অভিযোগ করেন, এর আগেও তার ভাইকে কয়েকবার মারধর করা হয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ হামলার পর অভিযুক্তরা তাদের ঘরে ঢুকে এক লাখ ৫০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায় বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিজানুর তালুকদার। তিনি বলেন, ‘ঘটনার দিন আমি আদালতের কাজে পটুয়াখালী ছিলাম। রাত ৯টার দিকে বাড়ি ফিরেছি। মোহনের সঙ্গে আমার কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:০১:৫৫ ● ৩৭ বার পঠিত
