বুধবার ● ১ জুলাই ২০২৬
লাইভে স্ত্রী ও মাকে রেখে আত্মহত্যা, পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য
হোম » পিরোজপুর » লাইভে স্ত্রী ও মাকে রেখে আত্মহত্যা, পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দাম্পত্য কলহ ও স্ত্রীর কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে যুক্ত অবস্থায় আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নারী ও তার কথিত প্রেমিক এলাকা ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
নিহত সজল কুমার দেউরী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিঠানিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্বপন কুমার দেউরীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকায় ভাড়া বাসায় অবস্থানকালে সজল কুমার দেউরী সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে যুক্ত ছিলেন বলে দাবি পরিবারের।
বুধবার দুপুরে নিহতের ছোট ভাই তুহিন দেউরী জানান, প্রায় ১০ বছর আগে নাজিরপুর উপজেলার এক তরুণীর সঙ্গে সজলের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার দাবি, সজলের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী শোভন বেপারীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তুহিন দেউরীর ভাষ্য, আত্মহত্যার আগে সজল তার স্ত্রীকে এ বিষয়ে কথা বললে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ভিডিও কলে যুক্ত অবস্থায় তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা দাবি করছেন।
স্থানীয় ইউপি সদস্য মনোজ ঢালী বলেন, সজলের স্ত্রীর সঙ্গে শোভন বেপারীর সম্পর্ক রয়েছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার পর শোভন বেপারী ও সজলের স্ত্রী এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে তিনি জানতে পেরেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে শোভন বেপারী মুঠোফোনে বলেন, ‘রঞ্জিতা রানী হালদারের সঙ্গে আমার কোনো পরকীয়ার সম্পর্ক নেই। আমি তাকে সব সময় দিদি বলে সম্বোধন করতাম।’
এ বিষয়ে রঞ্জিতা রানী হালদারকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, পরকীয়া সম্পর্কের অভিযোগ ও আত্মহত্যার প্ররোচনার বিষয়গুলো এখনো আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রমাণিত হয়নি। পরিবারের অভিযোগ ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২:২৯:৪৮ ● ৪১ বার পঠিত
