শুক্রবার ● ২৬ জুন ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভা

হোম » পিরোজপুর » মাদকমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভা
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


 

মাদকমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে পিরোজপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

 

পরে টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়।

 

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। প্রশাসন ও পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, যদি না আমরা পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলি।

 

তিনি আরও বলেন, প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানের প্রতি আরও যত্নশীল হতে হবে। তারা কার সঙ্গে মিশছে বা কোথায় সময় কাটাচ্ছে, সেদিকে নজর রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪:২১:২৩ ● ২২ বার পঠিত