বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
দুমকির লেবুখালীতে বাসে অভিযান, ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
হোম » পটুয়াখালী » দুমকির লেবুখালীতে বাসে অভিযান, ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ অর্থ এবং এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় চলাচলকারী একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা এক ব্যক্তির কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ হাজার ৪৫ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় অঞ্চল ব্যবহার করে বিভিন্ন মাদক চক্র দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের চেষ্টা করে আসছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবার এ চালান জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা মাদকদ্রব্য, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পটুয়াখালীর অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকায় মাদক বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৮:২০:১০ ● ১০০ বার পঠিত
