বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬
হামলার শিকার কোস্ট গার্ড ঘাঁটি পরিদর্শনে মহাপরিচালক: অপরাধীদের ছাড় নয়
হোম » লিড নিউজ » হামলার শিকার কোস্ট গার্ড ঘাঁটি পরিদর্শনে মহাপরিচালক: অপরাধীদের ছাড় নয়

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনার পর ঘাঁটি পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি শুধু সরকারি সম্পদের ক্ষতি নয়, বরং সুন্দরবনে চলমান অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সুন্দরবনে বনদস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর মাধ্যমে দস্যুদের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সম্প্রতি কুখ্যাত ডাকাত ছোট সুমন কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। হারবারিয়া স্টেশন স্থাপনের ফলে দস্যুদের রসদ ও অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করেন।
উপকূলীয় এলাকার জনগণকে কোনো গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি সুন্দরবনের যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর অনুরোধও করেন।
বাংলাদেশ সময়: ১৮:১৯:৩৭ ● ২৬ বার পঠিত
