বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬
দশমিনায় বাউফলের মাদক ক্রেতা গ্রেফতার, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, মামলা
হোম » বিবিধ » দশমিনায় বাউফলের মাদক ক্রেতা গ্রেফতার, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, মামলা

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলাতে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বাউফল উপজেলার এক মাদক ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নর খারিজা বেতাগী বাজার সংলগ্ন নাসির মৃধার দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. নেছার ফকির (১৯)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের মো. বারেক ফকিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নেছার ফকির দীর্ঘদিন ধরে দশমিনার খারিজা বেতাগী এলাকায় এসে স্থানীয় কিছু যুবকের সঙ্গে আড্ডা দিত এবং মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়রা একাধিকবার তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললেও তিনি তা অমান্য করে উল্টো তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন বলে অভিযোগ রয়েছে।
বুধবার দিবাগত রাতে দশমিনা থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কিনে ফেরার পথে নেছার ফকিরের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তার দেহ তল্লাশি করে। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করে থানায় নেওয়া হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে বাউফল উপজেলার নওমালা গ্রামের নেছার ফকিরকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৭:১৭:৪১ ● ৪ বার পঠিত
