বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬

পিরোজপুরে ছাত্রী শ্লীলতাহানি অভিযোগ: শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত চলছে

হোম » শিক্ষা » পিরোজপুরে ছাত্রী শ্লীলতাহানি অভিযোগ: শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত চলছে
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬


পিরোজপুরে ছাত্রী শ্লীলতাহানি অভিযোগ: শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত চলছে

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে একটি প্রাইভেট কোচিং ব্যাচে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তাদেশ জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এর আগে গত ৮ জুন নির্মল চন্দ্র ভদ্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

 

এদিকে ঘটনাটি যথাযথভাবে মোকাবিলায় অবহেলার অভিযোগে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

অভিযোগ অনুযায়ী, গত ২২ মে পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী নির্মল চন্দ্র ভদ্রের কাছে প্রাইভেট কোচিংয়ে গেলে তিনি তাকে যৌন নিপীড়ন করেন।

 

ঘটনার প্রতিবাদে সোমবার পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে আন্দোলন করেন।

 

পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি বলেন, গত ২২ মে যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকর্তার অবহেলার কারণে সময়মতো স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পারেনি। পরবর্তীতে ৯ জুন বিষয়টি সবার নজরে আসে। এ কারণে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

এদিকে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের জন্য বুধবার জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের (ডিসি) কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩০:১২ ● ১২৩ বার পঠিত