বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬
অবৈধভাবে মাছ শিকার, ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা
হোম » পিরোজপুর » অবৈধভাবে মাছ শিকার, ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কঁচা নদীতে জাটকা নিধন ও অবৈধভাবে মাছ আহরণের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, জাটকা সংরক্ষণ ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান কঁচা ও পোনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে কঁচা নদীতে অভিযান চালিয়ে রাক্ষুসে জাল (বেহুন্দী জাল) ব্যবহার করে জাটকা নিধন ও অবৈধ মৎস্য আহরণের অভিযোগে জিয়ানগর উপজেলার পাড়েরহাট এলাকার ইউসুফ আলী বেপারীর ছেলে জসিম বেপারী এবং একই এলাকার ইউনুস আলীর ছেলে মোহর আলীকে আটক করা হয়।
অভিযানকালে একটি রাক্ষুসে জাল (বেহুন্দী জাল) ও প্রায় ৫ কেজি গুঁড়া মাছ জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও মো. হাসিবুল হাসান মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন, ১৯৫০-এর ৩(৩)(ক)(অ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫(১) ধারার বিধান অনুযায়ী দুই জেলেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামসহ পুলিশ সদস্য ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা ও ইলিশ উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৯:০০:০০ ● ৯৭ বার পঠিত
