সাবেক প্রধানমন্ত্রীকে ‘কালো মানিক’ গরু উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » সাবেক প্রধানমন্ত্রীকে ‘কালো মানিক’ গরু উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা গ্রেপ্তার
রবিবার ● ১৪ জুন ২০২৬


সাবেক প্রধানমন্ত্রীকে ‘কালো মানিক’ গরু উপহার দিয়ে আলোচনায় আসা সোহাগ মৃধা গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিয়ে আলোচনায় আসা মো. সোহাগ মৃধা (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মারামারি, হত্যাচেষ্টা, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (১৪ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহাগ মৃধা মির্জাগঞ্জের ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেন মৃধার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে সারমিন সুলতানা, তার স্বামী শাহরিয়ার আহম্মেদ ও ননদ মাহিনুর বেগম নিজ বাড়ির বৈঠকখানায় পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে সোহাগ মৃধাসহ কয়েকজন অভিযুক্ত সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এজাহারে বলা হয়, হামলাকারীরা শাহরিয়ার আহম্মেদকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে সোহাগ মৃধা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিতে গেলে তিনি সরে যাওয়ায় কোপটি বাম চোখের ভ্রুর ওপর লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে সারমিন সুলতানা ও মাহিনুর বেগমও হামলার শিকার হন। এ সময় মাহিনুর বেগমের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি দুই নারীর শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় দায়ের করা এফআইআর নং-০৮ (তারিখ: ১১ জুন ২০২৬) মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়। মামলাটি তদন্ত করছেন এসআই অনুপ দাস।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সোহাগ মৃধার পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে মারামারি, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও চুরিসহ একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া মির্জাগঞ্জ থানার আরেকটি এফআইআর নং-১৫ (তারিখ: ২৭ নভেম্বর ২০২৫) মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত সোহাগ মৃধাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৭ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ