
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক এক কর্মশালা রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং সেরাক বাংলাদেশের বাস্তবায়নে স্পেস টু লিড প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর শরীফ ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রদীপ দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সগীর আলম, আলমগীর হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য, শিক্ষক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ওমর শরীফ ফাহাদ বলেন, ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমিটিকে কার্যকর করাই স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রথম ধাপ। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সকলের আন্তরিক অংশগ্রহণ জরুরি। তরুণ-তরুণীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত জনসচেতনতা কার্যক্রমের বিকল্প নেই।
কর্মশালায় অংশগ্রহণকারীরা কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা সম্প্রসারণে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এমএইচকে/এমআর