রবিবার ● ৭ জুন ২০২৬
কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নদীর চর থেকে জেলের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে ভদ্র শিকদার (৩৭) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের টিয়াখালী নদীসংলগ্ন আমিনুলের ইটভাটার পাশের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ভদ্র শিকদার ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভদ্র শিকদার পেশায় একজন জেলে ছিলেন। তিনি অধিকাংশ সময় নদীর চরে অবস্থান করতেন এবং মাছ শিকার করতেন। স্থানীয়দের ভাষ্য, দুদিন আগেও ঝড়-বৃষ্টির মধ্যে তিনি মাছ ধরতে নদীতে গিয়েছিলেন। সাহসী স্বভাবের হওয়ায় তিনি প্রায়ই নদীর চরে একাই থাকতেন।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, মরদেহের শরীরের কয়েকটি স্থানে ফোসকার মতো দাগ দেখা গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪:১০:২৪ ● ১১৩ বার পঠিত
