বুধবার ● ৩ জুন ২০২৬
মহিপুরকে ‘উপজেলা’ ঘোষণার দাবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
হোম » পটুয়াখালী » মহিপুরকে ‘উপজেলা’ ঘোষণার দাবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র ও পর্যটননির্ভর এলাকা মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের দাবিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শেষ বিকেলে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্থানীয় সুধীসমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিপুর থানা বিএনপির সভাপতি ও সমাজসেবক আব্দুল জলিল হাওলাদার। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, মহিপুর দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র এবং সমুদ্র উপকূলীয় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল। পাশাপাশি কুয়াকাটা পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বার হিসেবে এ এলাকার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিপুল জনসংখ্যা, বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা, প্রশাসনিক কার্যক্রমের চাপ এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে দীর্ঘদিন ধরেই মহিপুরকে উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।
বক্তারা আরও বলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন নির্বাচনী প্রতিশ্রুতিতে মহিপুর থানাকে উপজেলা করার অঙ্গীকার করেছিলেন। স্থানীয়রা আশা করছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা করবে।
সভায় মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, জেলে প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ সভায় অংশ নেন।
সভা থেকে মহিপুরকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তের কথাও জানানো হয়।
উল্লেখ্য, কলাপাড়া উপজেলার অন্তর্গত মহিপুর এলাকা দীর্ঘদিন ধরে প্রশাসনিকভাবে থানা হিসেবে পরিচালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১২:১৭:৩৫ ● ২৩ বার পঠিত
