দুমকিতে ছিনতাই ও মাদক মামলার আসামি কসাই রনি আটক
হোম »
পটুয়াখালী »
দুমকিতে ছিনতাই ও মাদক মামলার আসামি কসাই রনি আটক

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাই মামলাসহ একাধিক মামলার আসামি রবিউল ইসলাম ওরফে রনি মৃধা ওরফে কসাই রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রনি মৃধা (৩০) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার নুর হোসেন মৃধার ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুমকি থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে তার বিরুদ্ধে পরপর তিনটি মাদক মামলা দায়ের হয়। এছাড়া সাম্প্রতিক ছিনতাই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দুমকি বাজার আউটলেটের ইনচার্জ এক ফিল্ড অফিসারকে সঙ্গে নিয়ে মাঠ পর্যায়ের কার্যক্রমে বের হন। বেলা ১১টার দিকে রাজাখালী ফার্মগেট এলাকায় পৌঁছালে চারজন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় ব্যাংক কর্মকর্তাদের মারধর করে ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ২০ মে দুমকি থানায় পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-৮।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এমআর
বাংলাদেশ সময়: ১১:৩২:৩৮ ●
১০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)