নেছারাবাদের চার পশুর হাটে খাজনা মওকুফে স্বস্তিতে ক্রেতা-বিক্রেতা

হোম » পিরোজপুর » নেছারাবাদের চার পশুর হাটে খাজনা মওকুফে স্বস্তিতে ক্রেতা-বিক্রেতা
রবিবার ● ২৪ মে ২০২৬


নেছারাবাদের চার পশুর হাটে খাজনা মওকুফে স্বস্তিতে ক্রেতা-বিক্রেতা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
কোরবানির ঈদকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে নির্ধারিত পাঁচটি পশুর হাটের মধ্যে চারটির ইজারা মওকুফ করা হয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের উদ্যোগে নেওয়া এ সিদ্ধান্তে হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।

উপজেলায় নির্ধারিত পাঁচটি পশুর হাট হলো-স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, চানমিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং উত্তর-পশ্চিম সোহাগদল বিদ্যালয় মাঠ। এর মধ্যে পূর্বে ইজারা সম্পন্ন থাকায় স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ ছাড়া বাকি চারটি হাটের ইজারা সম্পূর্ণভাবে মওকুফ করা হয়েছে।

উত্তর-পশ্চিম সোহাগদল পশুর হাটে গরু কিনতে আসা ক্রেতা মো. সালাম মিয়া বলেন, আগে অতিরিক্ত খাজনার কারণে ভোগান্তিতে পড়তে হতো। এবার খাজনা মওকুফ হওয়ায় স্বস্তিতে কেনাকাটা করা যাচ্ছে।

সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠের গরু বিক্রেতা মো. জলিল মিয়া বলেন, খাজনা কম থাকায় ক্রেতাদের উপস্থিতি বাড়বে এবং হাট আরও জমজমাট হবে বলে আশা করছি।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. হুমায়ুন রশিদ জানান, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়েই চারটি হাটের ইজারা মওকুফ করা হয়েছে। পূর্বে ইজারা সম্পন্ন থাকায় একটি হাট এ সিদ্ধান্তের বাইরে রয়েছে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, এ সিদ্ধান্তে হাটগুলোতে ক্রেতা-বিক্রেতারা স্বস্তিতে বেচাকেনা করতে পারবেন এবং পরিবেশ আরও সুশৃঙ্খল হবে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রতিটি পশুর হাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে কেনাবেচা সম্পন্ন হয়।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:৩৬ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ