রবিবার ● ১৭ মে ২০২৬
বরগুনায় আদালতের এজলাসে দুই আইনজীবীর পাল্টাপাল্টি জুতা নিক্ষেপ
হোম » বরগুনা » বরগুনায় আদালতের এজলাসে দুই আইনজীবীর পাল্টাপাল্টি জুতা নিক্ষেপ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই আইনজীবীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে পাল্টাপাল্টি জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সকাল ১১টার দিকে আদালত কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাস কামরায় অবস্থান করছিলেন। এ ঘটনায় আদালত পাড়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরগুনা জেলা আইনজীবী সমিতি দুই আইনজীবীকে কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।
জানা যায়, পাথরঘাটা আদালতের কার্যক্রম চলাকালে আইনজীবী নাহিদ সুলতানা লাকি ও আইনজীবী মিজানুর রহমান মঞ্জুর মধ্যে একটি মামলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাহিদ সুলতানা লাকি জুতা নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। পরে ওই জুতাই পুনরায় নাহিদ সুলতানা লাকির দিকে নিক্ষেপ করেন মিজানুর রহমান মঞ্জু। ঘটনার সময় আদালত কক্ষে পেশকার মবিন এবং উপস্থিত অন্যান্য আইনজীবীরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয়পক্ষকে শান্ত করেন।
আদালত সংশ্লিষ্ট কয়েকজন জানান, পেশাগত পরিবেশে এ ধরনের ঘটনা আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব মো: নুরুল আমিন সাগরকন্যাকে বলেন, ঘটনার বিষয়ে পাথরঘাটা আদালত থেকে জানার পরপরই জেলা বারের অ্যাকশন কমিটির সদস্যদের নিয়ে জরুরি আলোচনা করা হয়েছে। উভয় আইনজীবীকে সাময়িকভাবে আদালতের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কেন তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা জানতে চেয়ে দুজনকেই এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দুই আইনজীবীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২২:৩৭:১১ ● ৮ বার পঠিত
