পাঁচ নবজাতকের মুখে হাসি ফোটাতে বাউফলে মানবিক সহায়তা

হোম » পটুয়াখালী » পাঁচ নবজাতকের মুখে হাসি ফোটাতে বাউফলে মানবিক সহায়তা
শনিবার ● ১৬ মে ২০২৬


পাঁচ নবজাতকের মুখে হাসি ফোটাতে বাউফলে মানবিক সহায়তাসাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে আনন্দের পাশাপাশি চরম আর্থিক সংকটে পড়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালী গ্রামের এক দরিদ্র দম্পতি। নবজাতকদের চিকিৎসা, দুধ ও দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছিল পরিবারটি। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে মানবিক সহায়তা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান Confidence Group–এর চেয়ারম্যানের ছেলে হাসিব আলম তালুকদারের পক্ষ থেকে নবজাতকদের মা লামিয়া বেগমের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা হস্তান্তর করেন তার প্রতিনিধি অ্যাডভোকেট ঝরনা বেগম। এ সময় তিনি নবজাতকদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, “একসঙ্গে পাঁচ শিশুর জন্ম নিঃসন্দেহে বিরল ও আনন্দের ঘটনা। তবে একটি অসচ্ছল পরিবারের জন্য এটি বড় ধরনের দায়িত্ব ও চ্যালেঞ্জ। শিশুদের চিকিৎসা, পুষ্টি ও ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, একসঙ্গে পাঁচ নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ নবজাতকদের দেখতে ভিড় করছেন। তবে পরিবারটির সীমিত আয় ও অনিশ্চিত জীবনযাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে।

নবজাতকদের মা লামিয়া বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, “বিয়ের পাঁচ বছর পর আল্লাহ একসঙ্গে পাঁচ সন্তান দিয়েছেন। আনন্দের পাশাপাশি এখন অনেক দুশ্চিন্তাও আছে। তাদের দুধ, ওষুধ ও খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। যারা পাশে দাঁড়িয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

জানা গেছে, পাঁচ নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। তাদের নাম রাখা হয়েছে লাবিবা, হাসান, উমামা, মুহাচ্ছিন ও হোসাইন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩০:২২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ