সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল সামুদ্রিক প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার (১৬ মে) সকালে ডিসি পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের স্রোতের সঙ্গে কচ্ছপটি তীরে উঠে আসে।
স্থানীয়দের ধারণা, ডিম পাড়ার উদ্দেশ্যে কচ্ছপটি উপকূলের কাছাকাছি এসেছিল। তবে উদ্ধারের সময় এটি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দুর্বল অবস্থায় ছিল বলে জানান উদ্ধারকারীরা।
প্রথমে সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম কচ্ছপটি দেখতে পান। পরে তিনি বিষয়টি কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-আহ্বায়ক কেএম বাচ্চুকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।
উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। প্রাথমিকভাবে এটি অলিভ রিডলি প্রজাতির একটি মা কচ্ছপ হিসেবে শনাক্ত করা হয়েছে।
কেএম বাচ্চু জানান, কচ্ছপটির চিকিৎসার জন্য ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশ এর ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহায়তা এবং স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে সমন্বয় করা হয়েছে। সুস্থ হলে কচ্ছপটিকে পুনরায় সমুদ্রে অবমুক্ত করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, বিষয়টি জানার পর একজন চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, কুয়াকাটা বিট কর্মকর্তা রুবেল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বন বিভাগ সার্বক্ষণিক সহযোগিতা করছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রলিং জালে আটকে পড়া, জলবায়ু পরিবর্তন, জাহাজের ধাক্কা, প্লাস্টিক দূষণ এবং জেলেদের অসচেতনতার কারণে সামুদ্রিক কচ্ছপের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এতে তাদের স্বাভাবিক প্রজনন ও জীবনচক্র ব্যাহত হচ্ছে, ফলে সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে।