কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন নগরী গড়তে ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’-এর আত্মপ্রকাশ

হোম » কুয়াকাটা » কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন নগরী গড়তে ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’-এর আত্মপ্রকাশ
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


 

কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন নগরী গড়তে ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’-এর আত্মপ্রকাশ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

সূর্যোদয়-সূর্যাস্তের অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী ও পরিবেশবান্ধব পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

 

এ উপলক্ষে গত ১৩ মে (বুধবার) সন্ধ্যায় হোটেল খান প্যালেস-এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী।

 

সভা শেষে আঃ আজিজ মুসুল্লীকে আহ্বায়ক এবং এম এ মোতালেব শরীফকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি মোঃ ফজলুল হক খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

বক্তারা বলেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও পর্যটকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে কুয়াকাটার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

 

তারা আরও বলেন, ১৯৯৮ সালে কুয়াকাটায় পর্যটনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অভ্যন্তরীণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজনের তুলনায় কম। একই সঙ্গে সমুদ্র সৈকতের ভাঙন রোধে একাধিক প্রকল্প প্রস্তাবনা পাঠানো হলেও দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি।

 

বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ ভবিষ্যতে কুয়াকাটার সার্বিক উন্নয়নে সরকারকে সহযোগিতা করবে এবং পর্যটন শিল্পে নতুন গতি ফিরিয়ে আনবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৭ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ