
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি মুসলিম উম্মাহর ঐক্য, শিক্ষা এবং আধ্যাত্মিক উন্নতির কেন্দ্রবিন্দু- এমন মন্তব্য করেছেন ছারছীনার পীর ছাহেব, আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) কুয়াকাটায় একটি মসজিদ উদ্বোধনে এসে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৪ মে) পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নবীনপুরস্থ খানকায়ে ছালেহীয়া মুহিব্বীয়া দীনিয়া কমপ্লেক্সের অন্তর্গত ‘জামে নূর’ মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামি জীবনব্যবস্থায় মসজিদের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা তাঁর ইবাদতের জন্য এই খানকাহ শরীফে একটি পবিত্র ঘর প্রতিষ্ঠার তাওফিক দান করেছেন, যা সকলের জন্য আনন্দ ও বরকতের বিষয়। মসজিদ পৃথিবীর বুকে আল্লাহর ঘর এবং সবচেয়ে উত্তম স্থান। এখানে বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় এবং আত্মিক প্রশান্তি লাভ করে।
তিনি বলেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা মানেই আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। তাই প্রতিটি মুমিন মুসলমানের উচিত নিয়মিত জামায়াতের সঙ্গে মসজিদে নামাজ আদায় করা, মসজিদের আদব রক্ষা করা এবং এর রক্ষণাবেক্ষণে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।