ঝালকাঠীতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

হোম » ঝালকাঠী » ঝালকাঠীতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


ঝালকাঠীতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠী,
আলোচিত শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝালকাঠি এন.এস কামিল মাদ্রাসার ২০২৬ ব্যাচের দাখিল পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের গর্বিত সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যেই কাজ করতেন। তার হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে বিদেশে আটক করা হলেও বিচার প্রক্রিয়ায় ধীরগতি দেখা যাচ্ছে। তারা বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না।

সমাবেশে বক্তব্য রাখেন দাখিল পরীক্ষার্থী আরিফুল ইসলাম, মোহাম্মদ সায়েম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সমাজকর্মী মেহেদী হাসান খালিদ।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ ওসমান বিন হাদি। তিনি জুলাই শহীদদের অধিকার রক্ষা, ভারতীয় আধিপত্যবাদবিরোধী অবস্থান এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলেন।

২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং তার একটি পুত্রসন্তান রয়েছে।

তার মৃত্যুর পর ঢাকার কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ