
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
কৃষিই সমৃদ্ধি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক সভা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মানিক এবং নেছারাবাদ উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ সোহাগ মিয়া।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পাশাপাশি কৃষকদেরও সচেতন ও উদ্যোগী হতে হবে। তারা কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তারা আরো বলেন নেছারাবাদে কৃষকদের সুবিধার্থে আধুনিক কোল্ড স্টোরেজ প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে পার্টনার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন নেছারাবাদ উপজেলা কৃষি অফিসার মোঃ মাহফুজুর রহমান। তিনি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর ফসল উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই কৃষি ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাহবুবুল হাসান শিবলী আহমেদ। সভায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।