পাথরঘাটায় বনরক্ষীদের ওপর হামলা করে আটক হরিণ ও শিকারিকে ছিনতাই

হোম » বরগুনা » পাথরঘাটায় বনরক্ষীদের ওপর হামলা করে আটক হরিণ ও শিকারিকে ছিনতাই
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬


পাথরঘাটায় বনরক্ষীদের ওপর হামলা করে আটক হরিণ ও শিকারিকে ছিনতাই

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারি ধরতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের দুই সদস্য। এ ঘটনায় বন বিভাগের হেফাজতে থাকা একটি হরিণ ও আটক এক শিকারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয়েছেন পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল জাবের এবং নৌকা চালক অপূর্ব কুমার সাহা। পরে স্থানীয়ভাবে উদ্ধার করে তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার (১২ মে) বিকেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ার খাল এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মো. আল জাবেরের নেতৃত্বে বনরক্ষীরা সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের শূয়োরগুদি এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিলেন। এ সময় একদল হরিণ শিকারির উপস্থিতি টের পেয়ে তাদের আটক করার চেষ্টা করা হয়। বনরক্ষীরা অবস্থান নেওয়ার পর শিকারি দলের নেতা কুদ্দুস রাজা ট্রলার নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে বনের ভেতরে থাকা শিকারিরা একটি হরিণ ট্রলারে তুলে লোকালয়ের দিকে পালানোর চেষ্টা করলে বনরক্ষীরা ধাওয়া করেন। একপর্যায়ে কালিয়ার খাল এলাকায় একজন শিকারিকে আটক করা হলে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনরক্ষীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কর্মকর্তা মো. আল জাবের সাগরকন্যাকে জানান, আটক করার পরপরই শিকারিরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং নৌকার চালককেও মারধর করা হয়। পরে হামলাকারীরা আটক শিকারি ও হরিণ ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার পর বন বিভাগের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে শিকারি দলের মূল নেতা কুদ্দুস রাজাসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত কুদ্দুস রাজা চরদুয়ানী এলাকার মৃত হাকিম রাজার ছেলে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪০ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ