
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় জেলেদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা ইলিশ ধরার জাল বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি সহায়তায় পাওয়া একটি ইলিশা জাল ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
জানা গেছে, গত ৭ মে মৎস্য অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর অধীনে উপজেলার ১৫০ জন জেলের মাঝে বিনামূল্যে সুতার জাল (ইলিশা জাল) ও বিকল্প খাদ্য সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুল হক নুর।
স্থানীয়দের অভিযোগ, উলানিয়া বন্দর এলাকার বাসিন্দা মো. বেল্লাল ও মো. শাহিন প্রকৃত জেলে না হয়েও অনৈতিকভাবে জেলে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে সরকারি জাল গ্রহণ করেন। পরে তারা ওই জাল স্থানীয় এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেন বলে অভিযোগ ওঠে।
স্থানীয় জেলেরা জানান, প্রকৃত অসহায় জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হলেও প্রভাবশালীরা বিভিন্ন সুবিধা পাচ্ছেন। জাল বিক্রির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জালগুলো আটক করেন।
পরে বাংলাদেশ মৎস্যজীবী সমিতি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় উলানিয়া বন্দর পুলিশ ফাঁড়ির সহায়তায় জালগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে ঘটনার কয়েকদিন পার হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রকৃত জেলেদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, সরকারি জাল বিক্রির বিষয়টি জানা গেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।