বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

হোম » বরগুনা » বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ
বুধবার ● ১৩ মে ২০২৬


বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে পড়ে মো. তৈয়ব আলী (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার ঘটলেও বুধবার বিষয়টি এলাকায় জানাজানি হয়। নিহত তৈয়ব আলী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৬টার দিকে পেটব্যথা নিয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তৈয়ব আলী। পরে ওয়ার্ডের বাথরুমে গেলে সেখানে মাথা ঘুরে পড়ে যান বলে জানা যায়। পরবর্তীতে অন্য রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় বাথরুমে পড়ে থাকলেও দ্রুত তাকে উদ্ধার করা হয়নি। তাদের দাবি, দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এ মৃত্যু ঘটেছে।
ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী সাগরকন্যাকে জানান, সকাল ৮টার দিকে বিষয়টি জানতে পেরে কয়েকজন মিলে তাকে উদ্ধার করা হয়। তিনি দাবি করেন, ডিউটিতে থাকা কয়েকজন নার্স শুরুতে বাথরুমে যেতে অনীহা প্রকাশ করেছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে যান এবং অন্যদের সহায়তায় রোগীকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার হোসেন রুমন বলেন, রোগী বাথরুমে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কোনো অবহেলা ছিল না।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:৪২ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ