পবিপ্রবিতে হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি অব্যাহত
হোম »
পটুয়াখালী »
পবিপ্রবিতে হামলার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি অব্যাহত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ উপাচার্য (ভিসি) বিরোধী আন্দোলনে শিক্ষক-কর্মকর্তাদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের লাগাতার কর্মবিরতি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তারা জানান, বহিরাগতদের হামলা ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এ সময় তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন প্রফেসর ড. মো. আতিকুর রহমান ও প্রফেসর ড. এবিএম সাইফুল্লাহসহ অন্যরা।
একই সময়ে ডিন কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের এক জরুরি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষক নেতা প্রফেসর ড. মো. আতিকুর রহমান। সিদ্ধান্তগুলো হলো-গত সোমবার (১১ মে) আন্দোলনরত শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলাকারী বহিরাগতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান ফাইনাল পরীক্ষাগুলো আগামী ১৭ মে থেকে যথারীতি অনুষ্ঠিত হবে। তবে বিভিন্ন সেমিস্টারের ক্লাস, ক্লাস টেস্টসহ অন্যান্য প্রশাসনিক কার্যক্রম বর্জন করে চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।
এদিকে আন্দোলনকারীরা উপাচার্যের অফিস বাসভবন, রেজিস্ট্রার কার্যালয়সহ প্রশাসনের সকল দপ্তরে তালাঝুলিয়ে দেয়ায় প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে।
এর আগে গত ১১ মে ভিসি অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্যের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এমআর
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫২ ●
৩১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)