রবিবার ● ১০ মে ২০২৬
দেড়শ বছরের পুরনো মসজিদ কলাপাড়ায় ছাদহীন অবস্থায় খোলা আকাশের নিচে মুসুল্লিদের সালাত আদায়
হোম » ইসলামী জীবন » দেড়শ বছরের পুরনো মসজিদ কলাপাড়ায় ছাদহীন অবস্থায় খোলা আকাশের নিচে মুসুল্লিদের সালাত আদায়

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় দেড়শ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী মসজিদে বর্তমানে ছাদ না থাকায় মুসুল্লিরা খোলা আকাশের নিচে সালাত আদায় করছেন। মসজিদটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে অবস্থিত।
সরেজমিনে জানা যায়, স্থানীয়দের কাছে এটি ‘খায়গো বাড়ির মসজিদ’ নামে পরিচিত। কথিত আছে, অন্তত ১৫০-১৬০ বছর আগে স্থানীয় বাবুখাঁ নামে এক ব্যক্তি প্রথমে খর ও বাঁশ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে কাঠ, গোলপাতা ও টিনের ছাউনিতে দীর্ঘদিন ইবাদত কার্যক্রম চলতে থাকে। সর্বশেষ ইটের দেয়াল ও টিনের ছাউনিযুক্ত ভবনে নামাজ আদায় করা হতো। তবে সময়ের পরিক্রমায় দেয়ালের পলেস্তারা ধসে পড়ে এবং চারপাশে ফাটল দেখা দিলে নিরাপত্তার কারণে মসজিদ কমিটি পুরনো ভবনটি ভেঙে নতুন একতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়।
প্রায় দেড় বছর আগে নির্মাণ কাজ শুরু হলেও আর্থিক সংকটে গত ছয় মাস ধরে তা বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে মুসল্লিরা ওয়াক্ত ও জুমার নামাজ খোলা আকাশের নিচে আদায় করছেন। বৃষ্টির সময় নামাজ আদায় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে বলেও জানান মুসুল্লিরা।
নিয়মিত মুসল্লী দেলোয়ার মোল্লা সাগরকন্যাকে বলেন, মসজিদে আগে অনেক মুসল্লী হতো, কিন্তু এখন ছাদ না থাকায় ঝড়-বৃষ্টি ও রোদের কারণে কষ্ট হয়, মুসল্লীও কমে গেছে।
ইমাম ও খতিব অলিউল্লা জানান, আশেপাশের শতাধিক পরিবার এই মসজিদের মুসল্লী হলেও বর্তমানে ছাদ না থাকায় অনেকে নিয়মিত আসতে পারছেন না।
মসজিদ কমিটির সহ-সভাপতি হামিদ মিয়া বলেন, মাত্র ৫০ হাজার টাকা দিয়ে কাজ শুরু করা হয়। স্থানীয়দের সহযোগিতায় কিছু কাজ হলেও বর্তমানে মসজিদে তহবিল নেই, বরং প্রায় পৌনে তিন লাখ টাকা ঋণ রয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মিয়া জানান, এখন পর্যন্ত ৭-৮ লাখ টাকা ব্যয় হয়েছে। ফান্ডে কোনো অর্থ না থাকায় সরকারি অথবা প্রবাসী ও বিত্তবানদের সহযোগিতা ছাড়া নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব নয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ মসজিদটির নির্মাণ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:৩৬ ● ৩০ বার পঠিত
